Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বসিলা ও শিমুলিয়া ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু রোববার’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ২১:১৭ | আপডেট: ২৪ মে ২০২৬ ০১:২৫

লঞ্চঘাট পরিদর্শনকালে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

ঢাকা: সদরঘাটে যাত্রীর চাপ কমানোর লক্ষ্যে রোববার (২৪ মে) থেকে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু হবে।

শনিবার (২৩ মে) বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বসিলা লঞ্চঘাট পরিদর্শনকালে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি যাত্রীসেবা, নিরাপত্তা ও টার্মিনাল ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম মূল্যে যাত্রী পরিবহণ নিশ্চিত করা হয়েছে এবং প্রতিটি লঞ্চে ডিজিটাল ভাড়া তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারেন।’

বিজ্ঞাপন

এদিকে ঈদযাত্রায় যাত্রীদের হয়রানি কমাতে ঈদের আগে পাঁচদিন এবং পরে পাঁচদিন ফ্রি কুলি সার্ভিস ও ট্রলি সেবার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য ক্যাডেটদের মাধ্যমে হুইলচেয়ার সেবা দেওয়া হচ্ছে।

যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে টার্মিনালে যাত্রী ছাউনি, পর্যাপ্ত চেয়ার ও বিশ্রাম ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। টার্মিনাল এলাকায় পরিচ্ছন্নতা রক্ষায় অতিরিক্ত জনবল নিয়োজিত করা হয়েছে এবং হকারদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘যাত্রীসেবায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। নিরাপদ, স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল নৌ-যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’

পরিদর্শনকালে নৌ-পরিবহণ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ-পরিবহণ অধিদফতর এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর