Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ইয়া হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মাতম তাজিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১৮:০৬ | আপডেট: ২৬ জুন ২০২৬ ১৯:৫৮

পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীর পুরান ঢাকায় তাজিয়া মিছিল। ছবি: সারাবাংলা

ঢাকা: পবিত্র আশুরার কারবালার ঐতিহাসিক ও শোকাবহ স্মৃতি স্মরণে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর এই শোক মিছিলে শত শত মানুষের কণ্ঠে ধ্বনিত হওয়া ‘ইয়া হোসেন, হায় হোসেন’ মাতম পুরো এলাকার বাতাস ভারী করে তুলেছে।

কালো পোশাক পরিহিত শোকাতুর মানুষেরা বুক চাপড়ে ‘ইয়া হোসেন, হায় হোসেন’ ধ্বনি দিয়ে ইমাম হোসেন (রা.) ও কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।

তাজিয়া মিছিলে অংশ নেওয়া পুরান ঢাকার বাসিন্দা তানভীর বলেন, কারবালার এই ত্যাগ আমাদের অন্যায়ের বিরুদ্ধে চিরকাল মাথানত না করার শিক্ষা দেয়।

বিজ্ঞাপন

আরেক তরুণ অংশগ্রহণকারী জাবেদ হোসেন রাজ জানান, প্রতি বছরই তারা এই শোকাবহ দিনটির নির্মম স্মৃতি মনেপ্রাণে স্মরণ করতে মিছিলে যোগ দেন।

শত বছরের ঐতিহ্যবাহী এই মাতম ও শোকের আবহে শিয়া সম্প্রদায়ের পাশাপাশি বহু সুন্নি মুসলিমও শ্রদ্ধাভরে অংশ নিয়েছেন।

ঐতিহাসিক এই বড় সমাবেশকে কেন্দ্র করে হোসেনি দালানসহ আশপাশের পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাব ও সোয়াত সদস্যরা সক্রিয় দায়িত্ব পালন করছেন।

হোসেনি দালান ইমামবারা থেকে বের হওয়া এই বিশাল মিছিলটি লালবাগ, আজিমপুর ও নিউমার্কেট সড়ক হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে।

শোক মিছিলের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা রাস্তায় তৎপর রয়েছেন। শুধু হোসেনি দালান-ই নয়। বিভিন্ন এলাকা থেকে ছোট বড় মাঝারি এমন বেশ কিছু তাজিয়া মিছিল বের হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষ্যে প্রতি বছরই বাংলাদেশে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের আয়োজন করা হয়।

সারাবাংলা/এফএন/এসএস