Saturday 04 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠিকাদার ব্যর্থ হলে ভিন্ন পথে ময়লা সংগ্রহ করবে ডিএসসিসি: প্রশাসক

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৬ ১৫:৩৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম

ঢাকা: নিয়মমাফিক কাজ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ময়লা সংগ্রহের বর্তমান পদ্ধতি বাতিল করে ভিন্ন পথ অবলম্বনের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

শনিবার (৪ জুলাই) রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

এ সময় ডিএসসিসি প্রশাসক জানান, বাসা-বাড়ি থেকে ময়লা সংগ্রহের দায়িত্বে থাকা টেন্ডারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত ময়লা সংগ্রহ না করা এবং অতিরিক্ত অর্থ দাবি করার মতো বেশ কিছু অভিযোগ আসছে।

তিনি সতর্ক করে বলেন, ‘তারা যদি নিয়মমাফিক কাজ না করে এবং জনগণের ওপর জোরজবরদস্তি চালায়, তবে ভবিষ্যতে এই পদ্ধতিতে আর কোনো টেন্ডার দেওয়া হবে না। প্রয়োজনে বর্তমান টেন্ডার বাতিল করে ভিন্ন মাধ্যমে ময়লা সংগ্রহের ব্যবস্থা করা হবে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যদি এখনো নিজেদের সংশোধন করে এবং জনগণ তাদের কাজে সন্তুষ্ট থাকে, তবেই এই ব্যবস্থা অব্যাহত রাখা হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে সিটি করপোরেশন।’

বিজ্ঞাপন

নগরবাসীর উদ্দেশে আবদুস সালাম বলেন, ‘বায়ুদূষণে বিশ্বের প্রথম ১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান থাকাটা সবার জন্যই লজ্জাজনক। তাই নগরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যেমন সিটি করপোরেশনের, ঠিক তেমনি প্রতিটি নগরবাসীরও।’

শহরকে বাসযোগ্য রাখতে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘গত কয়েক মাসে সচেতনতা তৈরিতে বেশ অগ্রগতি হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রেখে সবাই মিলে চেষ্টা করলে নগরকে বায়ুদূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব।’

পরিচ্ছন্নতার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপরও গুরুত্বারোপ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার বিষয়ে সবাইকে উৎসাহিত করে আসছেন।” এরই ধারাবাহিকতায় তিনি নগরবাসীকে নিজ নিজ ঘর, আঙিনা এবং বাড়ির সামনের রাস্তা পরিষ্কার রাখার আহ্বান জানান।

ব্যবসায়ীদের উদ্দেশে কড়া নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘মার্কেটগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে এবং কোনো অবস্থাতেই যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ নোংরা করা যাবে না। প্রতিটি মার্কেটে নির্দিষ্ট বিন বা ডাস্টবিন রাখা হবে এবং নির্ধারিত সময়েই সেখানে ময়লা ফেলতে হবে, যেখান থেকে সিটি করপোরেশনের কর্মীরা তা সংগ্রহ করবেন।’

পরিচ্ছন্নতা কর্মসূচিতে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও সচিব জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে শান্তিনগর বাজার থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়, যা ভিআইপি রোডে গিয়ে শেষ হয়।