Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্লবীর উর্দুভাষী ক্যাম্পে বিশুদ্ধ পানির উদ্যোগ, বছরজুড়ে ফ্রি চিকিৎসার ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১৬:৩৪ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১৭:৫২

উর্দুভাষী ক্যাম্পে নলকূপের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

ঢাকা: রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের উদ্যোগে রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে দুটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভীর নলকূপ দুটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

উদ্বোধন শেষে তিনি বলেন, ‘আমার নির্বাচনি এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি বছরব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের কর্মসূচিও চালু থাকবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।’

প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি বিভিন্ন সেমিনারে তিনি ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনের উর্দুভাষী ক্যাম্পগুলোর দুর্বিষহ জীবনযাত্রার চিত্র তুলে ধরেছেন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

স্থানীয় বাসিন্দারা গভীর নলকূপ স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘দীর্ঘদিন ধরে তারা বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। নতুন নলকূপ চালু হওয়ায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে এবং দৈনন্দিন দুর্ভোগ অনেকটাই কমবে।’

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও ক্যাম্পের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর