ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবুল কাশেম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা আবুল কাশেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
পথচারী সাদিয়া ইসলাম বলেন, ‘আমি কাজ শেষ করে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিলাম। এ সময় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারের ওপর পরে থাকতে দেখি। অনেক মানুষ তাকে ঘিরে ছিল, কেউ তাকে ধরছিল না। এর পর তাদের মাধ্যমে জানতে পারি, তিনি দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এতে তিনি মাথা এবং মুখমণ্ডলে গুরুতর আঘাত পান। তার মুখমণ্ডল একদম থেতলে যায়। পরে অন্যদের সহায়তায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নিহতের নাতনী সুরমা আক্তার জানান, তাদের শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়। বর্তমানে পুর্ব শেওড়াপাড়ায় থাকেন। মৃত আবুল কাশেম তার দাদা হন। আবুল কাশেম তার বৃদ্ধা মাকে দেখতে শরীয়তপুরের ভেদরগঞ্জে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় ফেরার পথে হানিফ ফ্লাইওভারের ওপরে দুর্ঘটনার শিকার হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।