Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোগী ভাগিয়ে নেওয়ার সময় প্রাইভেট ক্লিনিকের মালিকসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ২৩:০৭

আটক প্রাইভেট ক্লিনিকের মালিক ও দালাল

ঢাকা: রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিতে আসা রোগীদের সহজে ডাক্তার দেখানো এবং স্বল্প খরচে চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার সময় প্রাইভেট ক্লিনিকের মালিক এবং দুই দালালকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ও বিকেলে রোগীদের প্রলোভন দেখিয়ে প্রতারণা করার সময় তাদের হাতেনাতে আটক করে আনসারদের একটি বিশেষ টহল দল। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাদের শেরেবাংলা নগর থানা পুলিশে সোপর্দ করা হয়।

আটক প্রাইভেট ক্লিনিকের মালিক মো. আমির হোসেন (৩৭)। তার বাড়ি শরিয়তপুরের জাজিরার বড়গাংচি খলিফাবাড়ি এলাকায়। আমির হোসেন বর্তমানে কেরানীগঞ্জের মোহাম্মদ নগর বসবাস করেন। অন্য দুইজন রংপুরের গঙ্গারছড়া থানার ধনিপাড়া এলাকার দালাল মো. রাকিবুল ইসলাম (৩২) এবং মো. লিটন মিয়া (৩৫)।

বিজ্ঞাপন

হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য আমিনুল হক সারাবাংলাকে বলেন, ‘আজ শেরে বাংলা নগর থানাধীন জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগে একদল দালাল চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের টার্গেট করে। তারা কম খরচে দ্রুত ডাক্তার দেখিয়ে দেওয়া এবং উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে রোগীদের অন্য জায়গায় ফুসলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তৎক্ষণাৎ টহলরত আনসার টিম অভিযান চালিয়ে চিহ্নিত দালাল মো. লিটন মিয়াকে (৩৫) হাতেনাতে আটক করে।’

তিনি বলেন, ‘এরপর আজ বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে হাসপাতাল দালাল নির্মূলকরণে কর্মরত আনসার সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় প্রাইভেট ক্লিনিকের মালিক মো. আমির হোসেন (৩৭) এবং দালাল রাকিবুল ইসলামকে (৩২) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে রোগী ভাগিয়ে নেওয়ার সময় আটক করে ক্যাম্প হেফাজতে নেওয়া হয়।’

তিনি জানান, রোগীদের হয়রানি হতে দেখে আটককৃত দালালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আনসার ক্যাম্প হেফাজতে নেওয়া হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাদের সার্বিক নির্দেশনায় অভিযুক্ত দালালকে শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর