ঢামেক: রাজধানীর ডেমরার দুর্গাপুর এলাকায় আগুনে পুড়ে আরেফিন বেগম (২১) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাত ১টার দিকে পুলিশ খবর পেয়ে ডেমরার দুর্গাপুরের মাঝপাড়া এলাকার বাসার সামনে থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, ‘খবর পেয়ে রোববার দিবাগত রাত ১টার দিকে দুর্গাপুরের বাসার সামনে থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
তিনি আরও জানান, স্বামী ইয়াসিন মিয়া ও তিন মাসের বাচ্চাকে নিয়ে ওই বাসায় থাকতেন আরেফিন বেগম। গতকাল তাদের বিবাহ বার্ষিকী ছিল। তাদের তিন মাসের বাচ্চাও অসুস্থ ছিল। রাত ৮টার দিকে বাচ্চাটি তার মায়ের কোলে মলত্যাগ করে। স্বামী তার স্ত্রী আরেফিনকে কাপড় পরিবর্তন করে বাচ্চাকে গরম ছ্যাক দিতে বলেন। তখন স্ত্রী আরেফিন পাশের রুমে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। এর কিছুক্ষণ পরই ঘরের ভিতর আগুন দেখতে পাওয়া যায়। পরে দরজা ভেঙে তাকে দ্বগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই জানান, ওই নারীর শরীরে কেরোসিন তেলের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গায়ে কেরোসিন তেল দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে মৃত আরেফিনের ফুফু মোসলেমা বেগম বলেন, ‘আরেফিন আত্মহত্যা করে নাই। বাচ্চাকে গরম ছ্যাক দেওয়ার জন্য হারিকেন জ্বালিয়ে কাপড় গরম করছিল সে। তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাঁটি ছিল না।’ তাদের ধারণা, অসাবধানতাবশত সেই আগুনেই আরেফিনের শরীর দগ্ধ হয়।