ঢাকা: ঢাকার সাভারে ভবানীপুরে মসজিদের মাঠ থেকে বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (১২ আগস্ট) গভীর রাত ১টা ৩০ মিনিটের দিকে ভবানীপুর পুলিশ ক্যাম্প এলাকার সাধাপুর গোপেরবাড়ি এলাকার লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম থেকে কাপড়চোপড়, একটি কোরআন শরিফ এবং প্রেসার কুকার দেখতে পাওয়া যায়।
এদিকে, ঘটনাস্থলে অবস্থান করছে পুলিশ। বিষয়টি পরীক্ষা করতে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রেসার কুকারটি আসলেই বোমা কি না কিংবা এর ভেতরে কী ধরনের বস্তু রয়েছে, তা বোমা ডিসপোজাল ইউনিট পরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে। কারা ওই ড্রামটি সেখানে রেখে গেছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা যায়, মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পেয়ে স্থানীয়রা ড্রাম থেকে প্রেসার কুকারটি বের করেন। রাতে অজ্ঞাতনামা তিন ব্যক্তি ওই প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যায় বলে দাবি স্থানীয়দের।
এর আগে, মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা থেকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তারও আগে হেমায়েতপুর এলাকা থেকে একটি ব্যাগসহ আরিফ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ব্যাগটি তল্লাশি করে বিশেষভাবে লুকানো ছয়টি পাইপ বোমা ও বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়।