Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্ব ফটোগ্রাফি দিবসে বিপিজেএ’র বর্ণাঢ্য র‌্যালি

সারাবাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৬ ১৪:১২

ছবি: সারাবাংলা।

ঢাকা: বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) উদ্যোগে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বিপিজেএ কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। পরে র‌্যালিটি দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিপিজেএ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান সুমন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাদলসহ, বিপিজেএ সদস্য, আন্তর্জাতিক ও দেশের বিভিন্ন গণমাধ্যমের ফটোসাংবাদিকরা অংশ নেন।

বিজ্ঞাপন

র‌্যালিতে কালার স্মোক ছিটানো হচ্ছে।

এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার দেখা যায়। বিশ্ব ফটোগ্রাফি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ফটোসাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

র‌্যালিতে অংশ নেওয়া ফটোসাংবাদিকরা উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করেন। বিশেষ করে র‌্যালির বিভিন্ন পর্যায়ে কালার স্মোক ছিটানোর দৃশ্য অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে। রঙিন ধোঁয়ায় র‌্যালির পরিবেশ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। অনেক ফটোসাংবাদিক সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন।

আয়োজকরা বলেন, ছবি শুধু দৃশ্য ধারণ করে না, সময় ও ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষ্যও বহন করে। একটি ছবি অনেক সময় হাজারো শব্দের চেয়েও শক্তিশালীভাবে একটি ঘটনা, সমাজ ও মানুষের বাস্তবতাকে তুলে ধরে। সংবাদ সংগ্রহে ফটোসাংবাদিকদের ভূমিকা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তারা আরও বলেন, দেশের নানা সংকট, আন্দোলন, দুর্যোগ, রাজনৈতিক ও সামাজিক ঘটনাসহ গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ফটোসাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তাই ফটোসাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তাদের পেশাগত মর্যাদা রক্ষা করা জরুরি।

বিশ্ব ফটোগ্রাফি দিবসকে সামনে রেখে আয়োজিত এ র‌্যালির মাধ্যমে দেশের ফটোসাংবাদিকদের ঐক্য, পেশার প্রতি ভালোবাসা এবং ফটোগ্রাফির গুরুত্বের বিষয়টি তুলে ধরা হয়।

র‌্যালি শেষে বিপিজেএ কার্যালয়ে সদস্যদের মধ্যে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর