ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) ‘বি’ ও ‘সি’ শিফটের পৃথক অভিযানে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ বিপুল পরিমাণ হোয়াইটেনিং সিরাম, জর্দা ও বিদেশি লিকার জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।
সোমবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিশেষ নজরদারি চালানো হয়। এর অংশ হিসেবে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটের যাত্রীদের তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও হোয়াইটেনিং সিরাম জব্দ করে বি শিফট।
এনবিআর জানায়, গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী এমডি হিমেলের ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম পাওয়া যায়। একই ফ্লাইটের আরেক যাত্রী শারমিন আক্তারের কাছ থেকে আরও ২৭০ কার্টন সিগারেট জব্দ করা হয়। এ অভিযানে মোট ৫৪০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে, সি শিফট দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে অভিযান চালায়। রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ফ্লাইটটি শাহজালালে অবতরণের পর যাত্রী মহাতে হাসান বাবুর কাছ থেকে ৩১ কার্টন সিগারেট ও ১৩২ পিস হোয়াইটেনিং সিরাম এবং যাত্রী সোহদুল হাসান শাকিলের কাছ থেকে ৫৪ কার্টন সিগারেট, ১৪৪ পিস হোয়াইটেনিং সিরাম ও ৩ কেজি জর্দা জব্দ করা হয়।
এ ছাড়া, কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটের যাত্রী রফিকুল সারদারের ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি লিকার আটক করা হয়।
সিআইআইডির দেওয়া তথ্য অনুযায়ী, সি-শিফটের অভিযানে মোট ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস বিসকোস হোয়াইটেনিং সিরাম, ৫ কেজি জর্দা ও ৩ লিটার বিদেশি লিকার আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।