Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সিল ছাড়া মাংস বিক্রি হলে দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ১৪:০৪

ছবি: সংগৃহীত

ঢাকা: মাংসের গায়ে ঢাকা সিটি করপোরেশনের সিল থাকতে হবে এবং সিল ছাড়া মাংস বিক্রি হলে তা জব্দ ও অবৈধভাবে জবাই করা মাংস বিক্রি করা দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘মাংস পরীক্ষিত কি না, তা নিশ্চিত করতে প্রতিটি মাংসের গায়ে ঢাকা সিটি কর্পোরেশনের সিল থাকতে হবে। নির্ধারিত দোকানে মাংস বিক্রি করতে হবে এবং সেখানে সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকতে হবে। ওই সিল দেখেই সাধারণ মানুষ বুঝতে পারবেন, মাংসটি পরীক্ষিত।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নির্ধারিত জবাইখানার বাইরে বিভিন্ন বাজারে পশু জবাই করা যাবে না। কেউ অননুমোদিত স্থানে পশু জবাই করলে তাকে জরিমানা করা হবে। আর অবৈধভাবে জবাই করা মাংস কোনো দোকানে বিক্রি হলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে। অন্য জায়গা থেকে মাংস আনা হলে পশুটি ঠিকমতো জবাই করা হয়েছে কি না, পশুটি সুস্থ ছিল কি না বা কোনো রোগ ছিল কি না, এসব জানার সুযোগ থাকে না। এমনকি গরুর নামে মহিষ বিক্রি করা হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করা সম্ভব হয় না। এসব বিষয় নিশ্চিত করতে নির্ধারিত জবাইখানায় পশু জবাই করতে হবে।’

জবাইখানায় স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি না থাকলে শাস্তির বিষয়ে প্রশাসক বলেন, ‘পশু জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি থাকতে হবে। কেউ দায়িত্বে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।’

 

সারাবাংলা/এমএইচ/এআর