ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে ঋণ পরিশোধ করতে না পেরে রুহুল আমিন শেখ (২৬) নামে এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কামরাঙ্গীরচর আলীনগর বর্ন বিদ্যালয়ের সামনের বাসা থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) জিহাদ মাহমুদ নাহিদ জানান, রুহুল আমিনের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা থানার মাধাকান্দি গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুর রশিদ শেখ। পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর আলীনগরের বাসায় ভাড়া থাকতেন এবং কাপড়ের ব্যবসা করতেন। আজ সকাল ৮ থেকে বিকেল সোয়া ৩টার মধ্যে কোনো একসময় বাসায় ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বিকেলে ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, রুহুল আমিন ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এ ছাড়া অন্যান্য ব্যবসায়ীরাও তার কাছে টাকা পেত। ব্যবসা মন্দার কারণে ব্যাংকের কিস্তির টাকা বাকি হয়ে যায়। এ ছাড়া অন্য ব্যবসায়ীদেরও টাকা দিতে পারছিল না। ব্যাংক ও ব্যবসায়ীরা টাকার জন্য চাপ দিচ্ছিলেন বলে জানা গেছে। এসব কারণে সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।