ঢাকা: রাজধানীতে দেশ-বিদেশের প্রায় তিন হাজার প্রতিনিধির উপস্থিতিতে স্মরণকালের অন্যতম বৃহৎ পীর-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আর এই সম্মেলন থেকে সুফিপন্থীদের ঐক্যের আহবান জানানো হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলন থেকে সুফি তরিকার অনুসারীদের মধ্যে ঐক্য জোরদার, হযরত মোহাম্মদ (সা.)-এর শিক্ষা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া এবং সুফিবাদের বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহবান জানানো হয়।
সুফিপন্থীদের সংহতির ওপর জোর দিয়ে দেওয়ানবাগ শরীফের পরিচালক ও সমন্বয়ক ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুর বলেন, একটি দরবার কোনো সমস্যায় পড়লে অন্য দরবারের অনুসারীদেরও তাদের পাশে দাঁড়াতে হবে। পীর-মাশায়েখরা আছেন বলেই আজও বাংলার জমিনে রাসুল (সা.)-এর মহব্বত জাগ্রত আছে।
তিনি বলেন, হযরত মোহাম্মদ (সা.)-কে ভালোবাসার জন্য আশেকে রাসুলদের কোনো দলিলের প্রয়োজন নেই। তিনি দেওয়ানবাগ শরীফ নিয়ে প্রচারিত বিভিন্ন অভিযোগেরও জবাব দেন এবং সংশ্লিষ্টদের সরাসরি এসে এই দরবারের কার্যক্রম দেখার আহ্বান জানান। পীর-মাশায়েখ ও তরিকাপন্থীদের এই সম্মেলনের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তরিকাপন্থীরা একত্রিত হয়েছে হযরত মোহাম্মদ (সা.)-কে ভালোবেসে।
অনুষ্ঠানে পীর-মাশায়েখরা বলেন, বর্তমান সময়ে বিভাজন অতিক্রম করে পীর-মাশায়েখ ও সুফি অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বক্তারা ইমাম কুদরত এ খোদার উদ্যোগে বিভিন্ন তরিকা ও দরবারের প্রতিনিধিদের এক মঞ্চে আনার জন্য তাকে ধন্যবাদ জানান। ইমাম কুদরত এ খোদা হুজুর নেতৃত্ব দিয়ে পীর-মাশায়েখদের একত্রিত করেছেন এবং উপমহাদেশের সুফিদের মধ্যে ঐক্যের ক্ষেত্র তৈরি করছেন।
ইরানের আল-মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শাহাবুদ্দিন মাশায়েখী রা’দ ইরানের সুফিদের পক্ষ থেকে এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
ভারত থেকে আজমীর শরীফের সৈয়দ সালাউদ্দিন চিশতি, হযরত নিজামউদ্দিন আউলিয়া দরগাহের সৈয়দ আনিস নিজামী ও সৈয়দ ফাইজ নিজামী এবং পাকিস্তান থেকে দরগাহে হযরত বাবা গানসকল মাসুদের দিওয়ান আহমেদ মাসুদ, দরগাহে হযরত শাহ জাফর আলির পীর সৈয়দ আমীর হোসেনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন।
এছাড়া বাংলাদেশের মাইজভান্ডার, সুরেশ্বর, শেরে বাংলা, সাইফিয়া, মোহাম্মদীয়া, হাক্কানি, চিশতিয়া পাক পাঞ্জাতন, পরদেশি, সুফি আস্তানা, দয়াময়, নুরে মদীনা, চিশতিয়া নিজামিয়া, করন নগর, মাওলা ভরসা, ছতুরা, ভুলুয়া হায়দারি, কুতুবদিয়া পাক দরবার শরীফ সহ বিভিন্ন প্রসিদ্ধ দরবারের পীর-মাশায়েখরা বক্তব্য দেন।