Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১১:৩৫ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১২:৪৯

চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম।

দীর্ঘ দেড় মাস পেরিয়ে গেলেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন করে আরও ৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট রয়েছে। এ ছাড়া এয়ার আরাবিয়ার দুটি আগমন ও দুটি বহির্গমন এবং সালাম এয়ারের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলার ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অব্যাহত রয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকেই চট্টগ্রামের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় চলছে। আজকের ৮টিসহ এ পর্যন্ত গত ৪১ দিনে সর্বমোট ২৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সারাবাংলা/এসএন/ইআ