Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাকলিয়ায় প্রকাশ্যে গুলি বর্ষণকারী ফারুক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৮:৫৫ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৮:৫৯

গ্রেফতার হওয়া ফারুক।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় রাস্তার ওপর প্রকাশ্যে গুলি বর্ষণকারী আসামি ফারুক হোসেনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং ইউনিয়নের পূর্ব বিন্দারখীল পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ফারুক লক্ষীপুর জেলার কমলনগর থানার চরভূমি চৌরাস্তা এলাকার মৃত শাহজাহানের ছেলে। বর্তমানে ফারুক মিয়াখান নগর এলাকার ইলিয়াসের কলোনি এলাকায় বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মোহাম্মদ সোলায়মান।

তিনি বলেন, ‘গত ৪ এপ্রিল বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সিএনজি চালক, পথচারী ও এক মিল শ্রমিকসহ চারজন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।’

বিজ্ঞাপন

তিনি জানান, এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গতকাল চকরিয়ার হারবাং থেকে ওই ঘটনায় গুলিবর্ষণকারী আসামি ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—আবু কাউসার (২০), মো. সজিব (১৯), সৈয়দ সুমন (২০) ও মো. বাবলা (১৯)।

এ ছাড়া, পুলিশ অভিযানে একটি দেশীয় তৈরি শর্টগান, দুই রাউন্ড গুলি এবং দু’টি কিরিচ উদ্ধার করেছে বলেও জানা গেছে।

সারাবাংলা/এসএন/এআর