Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১১:৫২

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাছ ধরার অবৈধ জাল মজুত করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার (১৯ এপ্রিল) বিকালে মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সি হার্টের গোডাউনে যৌথ অভিযান চালিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

এ সময় গোডাউন তল্লাশি করে ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১২ কোটি টাকা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অভিযানকালে গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। এ ছাড়াও ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, অভিযান শেষে জব্দকৃত জালসমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। উল্লেখ্য, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর