Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরসরাইয়ে হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৯:২৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ২১:২৬

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় সীমান্তে অবৈধ পথে আসা গরু ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষক কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে তার চাচা নাজমুল হোসেন।

এদিকে ছাত্রদল নেতা হৃদয় মারা যাওয়ার খবরে উত্তপ্ত হয়ে উঠেছে উপজেলার কয়লাবাজার। বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছে। হামলায় চালানো হয়েছে স্থানীয় বিএনপি নেতা দুলালের বাড়িতে।

নিহত ছাত্রদল নেতার বাবা আব্দুল আলিম বলেন, ‘অবৈধ গরু ব্যবসায়ী টিপু ও তার লোকজন পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে। ওইদিন রাতে টিপুর সহযোগী রহিম আমাকে বারবার ফোন দিয়ে তাদের গরুর ট্রাককে আটক করেছে বলে সেখানে যেতে বলেন। আমি সারাদিন বাইরে থাকায় ক্লান্ত ছিলাম। যেতে অপরাগতা প্রকাশ করলে আমার ছেলেকে হলেও পাঠাতে বলে।

বিজ্ঞাপন

‘এরপর আনোয়ারসহ আমার ছেলেকে কয়লাবাজারে ঘটনাটি জানতে পাঠায়। এর ১৫ মিনিট পর খবর আসে আমার ছেলের ওপর হামলা করা হয়েছে। আমি ছুটে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। ৫ দিন প্রাণপন চেষ্টা করেও আমার ছেলেকে বাঁচাতে পারলাম না।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও বিরোধ নেই। দুই ছেলের মধ্যে এক ছেলে কয়েক বছর আগে বিদেশ পাঠিয়েছি। এই ছেলেকেও পাঠানোর কথা। কিন্তু হায়েনারা আমার ছেলেকে বাঁচতে দিল না।’

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী বলেন, ‘সংঘর্ষে আহত একজন হাসপাতালে মারা যাওয়ার খবর পেয়েছি। ইতমধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। ছাত্রদল নেতার মৃত্যুর খবরে কয়লা এলাকায় কিছু লোক জড়ো হয়ে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। বিষয়টি আমরা দেখছি।

 

সারাবাংলা/এসএন/এইচআই