Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে স্থিতিশীলতা নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৬:১১

মন্দির উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম: যারা দেশে স্থিতিশীলতা নষ্ট করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘স্বরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ঘটনার প্রতি ইঙ্গিত করে এক সংবাদকর্মী প্রশ্ন করেন, ‘দুইটা দলই একসঙ্গে অভ্যুত্থান করেছিল; এখন পাল্টাপাল্টি এ ধরনের ঘটনা ঘটছে কেন?’

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সমাজে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি থাকে, এদের দল বলে কিছু নেই। এদেরকে বাংলাদেশের আইন ‘টেক কেয়ার’ করবে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আইনের বাইরে কারও যাওয়ার কোনো সুযোগ নেই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘স্থিতিশীল ও সংবেদনশীল একটি দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা নির্বাচনে গিয়েছি এবং নির্বাচিত হয়েছি জনগণের ভোটে। বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে, সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা স্থিতিশীলতা নষ্ট করবে, এমন কোনো শক্তি তারা যে-ই হোক, আইনের হাত থেকে কেউ ছাড় পাবে না। স্থিতিশীল, সংবেদনশীল ও সহনশীল রাজনীতির পথে চলছে বাংলাদেশ; এই পথকে যারা বাধাগ্রস্ত করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন এবং অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর