Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হালদায় ৯১ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৪৯

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১২:০৩ | আপডেট: ২০ মে ২০২৬ ১৩:২১

চট্টগ্রাম: দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কার্পজাতীয় মাছের ডিম উৎপাদনকারী নদী হালদা থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। গত প্রায় ৯ বছরে এ নিয়ে হালদা নদীতে মৃত ডলফিনের সংখ্যা দাঁড়াল ৪৯টিতে।

মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রামের রাউজান উপজেলার সিপাহির ঘাট এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ডলফিনটি একটি পরিণত স্ত্রী শুশুক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি সূত্রে জানা গেছে, ডলফিনটির দৈর্ঘ্য ছিল ২৩৯ সেন্টিমিটার (প্রায় ৭ ফুট ১০ ইঞ্চি) এবং ওজন প্রায় ৯১ কেজি। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, মৃত্যুর পাঁচ থেকে ছয় দিন পর মৃত ডলফিন নদীতে ভেসে ওঠে। এ সময় তার দেহ থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল এবং মুখ, পেট ও লেজের অংশে ব্যাপক পচন ধরেছিল।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মো. মনজুরুল কিবরিয়া বলেন, হালদায় ডলফিনের মৃত্যু কোনোভাবেই থামানো যাচ্ছে না। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত মোট ৪৯টি ডলফিনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিবছর ৫টির বেশি ডলফিন মারা যাচ্ছে। এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। ডলফিন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

জানা গেছে, গবেষক শাহ মোহাম্মদ কায়সার ও উন্নয়ন সংস্থা আইডিএফের নুরুল হাকিমের সহযোগিতায় মৃত ডলফিনটির সুরতহাল সম্পন্ন করা হয়। পরে আইডিএফ হালদা প্রশিক্ষণ ও রিসার্চ সেন্টারে সেটিকে মাটিচাপা দেওয়া হয়। ভবিষ্যৎ গবেষণার জন্য ডলফিনটির দাঁত সংগ্রহ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হালদা নদী বাংলাদেশের একমাত্র জোয়ার-ভাটার নদী, যেখানে রুই, কাতল, মৃগেল, কালবাউশসহ বিভিন্ন প্রজাতির মা মাছ প্রাকৃতিকভাবে নিষিক্ত ডিম ছাড়ে। এই নদীতে ধারাবাহিকভাবে ডলফিনের মৃত্যু নদীর জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্যের জন্য উদ্বেগজনক।

সারাবাংলা/এসএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর