Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে তাজিয়া মিছিল, কারবালার আদর্শ ধারণের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ২১:৪১

চট্টগ্রামে তাজিয়া মিছিল করেছেন শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম: পবিত্র আশুরা উপলক্ষ্যে কারবালার শোকাবহ ঘটনা স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল করেছেন শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মুসল্লিরা। কালো পোশাক ও খালি পায়ে শত শত নারী, পুরুষ ও শিশু মিছিলে অংশ নিয়ে কারবালার শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর সদরঘাট ইমাম বাড়ি থেকে ‘শিয়া ইমামিয়া ইসনা আশারা মুমিনবৃন্দ’-এর উদ্যোগে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন মাওলানা আমজাদ হোসেন। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইয়া হোসেন’, ‘লাব্বায়িক ইয়া হোসেন’সহ বিভিন্ন শোকধ্বনি দেন। একই সঙ্গে ধর্মীয় নাত, গজল ও মাতমের মাধ্যমে কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণ করা হয়। পথচারীদের মধ্যে শরবতও বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

মিছিলটি সদরঘাট কালীবাড়ি মোড়, নিউমার্কেট মোড় ও কোতোয়ালি মোড়সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমামবাড়িতে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিনব্যাপী আলোচনা, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাওলানা আমজাদ হোসেন বলেন, ‘কারবালার শিক্ষা কেবল একটি ঐতিহাসিক ঘটনার স্মৃতি নয়; এটি সত্য, ন্যায়বিচার ও মানবতার পক্ষে অবিচল থাকার শিক্ষা। ইমাম হোসাইন (রা.) জুলুমের কাছে মাথানত না করে শাহাদাত বরণ করেছিলেন।’ সেই আদর্শ ধারণ করেই অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘বিশ্বজুড়ে নির্যাতন, আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শান্তি, ন্যায়বিচার ও মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন।’ একই সঙ্গে সবধরনের যুদ্ধ, আগ্রাসন ও নিরপরাধ মানুষের হত্যার নিন্দা জানান তিনি।

এদিকে পবিত্র আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিলসহ সব ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর