Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীতাকুণ্ডে গাছ কেটে সড়ক অবরোধের ঘটনায় মামলা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১৮:০৯ | আপডেট: ২ জুলাই ২০২৬ ২০:১৪

সীতাকুণ্ডে গাছ কেটে সড়ক অবরোধের ঘটনায় মামলা

চট্টগ্রাম: জেলার সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ করার ঘটনায় ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে নির্বাচিত এমপি লায়ন আসলাম চৌধুরীর প্রার্থীতা বাতিল করেছেন আদালত। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উপজেলার বিভিন্ন স্থানে ব্যারিকেড এবং কুমিরা, ভাটিয়ারি, সোনাইছড়িসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে। কয়েকটি স্থানে বেশ কিছু সরকারি গাছও কেটে ফেলা হয়। গাছ ফেলে সড়ক অবরোধের জেরে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিজ্ঞাপন

পরে চট্টগ্রাম পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসার ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে কাটা গাছ ও নেতাকর্মীদের সরিয়ে সড়ক যানজট মুক্ত করেন। বুধবার (১ জুলাই) সরকারি গাছ কাটার অভিযোগে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়। এতে সর্বমোট ৮০ জনকে আসামি করা হয়েছে। শেষে পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকটি স্থানে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগে ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।’

পুলিশ ইতোমধ্যে ২ জনকে আটক করেছে। বর্তমানে মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর