চট্টগ্রাম: জেলার পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় ৩ হাজার ১০০ লিটার ভোজ্যতেলসহ একটি লাইফবোট জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (৩ জুলাই) ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে এসব তেল জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানিয়েছেন, পতেঙ্গা থানাধীন চড়পাড়া ঘাট সংলগ্ন এলাকায় বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে খালাস করা প্রায় ৫ লাখ ৫৮ হাজার টাকার ৩ হাজার ১০০ লিটার ভোজ্যতেল (সয়াবিন) লাইফবোট থেকে ঘাটে তোলার সময় জব্দ করা হয়েছে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
জব্দ করা ভোজ্যতেল ও লাইফবোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এ কর্মকর্তা।