চট্টগ্রাম: জেলার সাতকানিয়ায় ফ্রিজে ওষুধের সঙ্গে মাংস ও খাবার সংরক্ষণ এবং নোংরা পরিবেশে ওষুধ বিক্রি করায় একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই অভিযানে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য এবং আমদানিকারকের সিলবিহীন বিদেশি পণ্য বিক্রি করায় একটি কনফেকশনারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) কেরানীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
তিনি বলেন, ‘অভিযানে ওষুধ সংরক্ষণের ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা মাংস রাখার অপরাধে এম আর ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আসিফ কনফেকশনারিকে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য বিক্রি এবং আমদানিকারকের সিলবিহীন পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’