চট্টগ্রাম: জেলার আনোয়ারায় ভবনের সিঁড়ির রেলিংয়ে খেলতে গিয়ে চারতলা থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকার ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে। তবে পরিবারের সদস্যরা বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকার ওই ভবনে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ভবনটির চারতলার সিঁড়ির রেলিংয়ে উঠে খেলছিল শিশু আবির। খেলতে খেলতে একপর্যায়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জাহিদুল হাসান জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন জায়গা থ্যাঁতলানো ছিল।
বারশত ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জমির উদ্দিন বলেন, ‘ভবনের সিঁড়ির রেলিংয়ে খেলার সময় শিশুটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’