চট্টগ্রাম: জেলায় লোহাগাড়ায় ইয়াবা পাচারকালে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটক চারজন হলেন— পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) ও নুসরাত জাহান ইভা (১৯)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ এবং চারজনকে আটক করা হয়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, আটক চারজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।