চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
র্যাব-৭ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল ওই ভবনে অভিযান পরিচালনা করে। পরে ভবনের কয়েকটি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাওয়া যায়।
র্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান জানান, অভিযানে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। তিনি বলেন, ‘এসব সিগারেট অবৈধভাবে আমদানি ও বিক্রির সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে কাজ চলছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।