চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নতুন ফিশারিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি নদীর তীরে আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি মধ্যবয়সী এক নারীর। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। নারীর বাম পা ভাঙা এবং গোড়ালিতে জখমের মতো চিহ্ন দেখা গেছে। দুইদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য ওই নারীর আঙুলের ছাপ সংগ্রহ করা হবে।