চট্টগ্রাম: জেলায় ভেজাল মার্জারিন তৈরির অপরাধে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (১৯ আগস্ট) নগরীর আগ্রাবাদ সুলতান কলোনিতে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। অভিযানকালে কারখানাটিতে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনসহ বিভিন্ন অসংগতি পাওয়া যায়।
পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, ‘কারখানাটিতে মার্জারিন উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিবন্ধন ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন ঘাটতি পাওয়া গেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।’