Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জশনে জুলুস ঘিরে সিএমপির নির্দেশনা, বন্ধ থাকবে ফ্লাইওভার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৬ ১৭:৩৬

ফাইল ছবি: সারাবাংলা

চট্টগ্রাম: নগরীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে জশনে জুলুস ও মাহফিল অনুষ্ঠিত হবে।

জনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে এসব অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে সিএমপি অধ্যাদেশ ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারায় অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া মানুষ বা মূর্তি, কুশপুত্তলিকা প্রদর্শনসহ সংশ্লিষ্ট নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সিএমপির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, সকাল ৮টায় নগরের ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে মূল জুলুস শুরু হবে। জুলুসটি বিবিরহাট হয়ে মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে পুনরায় একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুছ ময়দানে গিয়ে জমায়েত হবে। জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে বলে জানিয়েছে সিএমপি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলুস শুরু থেকে মাহফিল শেষ হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর