চট্টগ্রাম: দেশের প্রতিটি ভূমি অফিসকে পর্যায়ক্রমে আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শনিবার (২৯ আগস্ট) হাটহাজারী উপজেলা ভূমি অফিসে সেবাপ্রার্থীদের জন্য নির্মিত ‘সেবাকুঞ্জ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত হাটহাজারীতে ভূমি কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে। আধুনিক এই কমপ্লেক্স দীর্ঘমেয়াদে জনগণকে উন্নত ও সহজ ভূমিসেবা দেওয়ার উপযোগী করে গড়ে তোলা হবে।’
তিনি বলেন, ‘ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন স্বস্তির সঙ্গে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই ‘সেবাকুঞ্জ’ নির্মাণ করা হয়েছে। এখানে বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও পানি পরিশোধনের সুবিধাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হয়েছে।’
সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখল বন্ধ, পাহাড় কাটা এবং অবৈধভাবে বালু উত্তোলন রোধে প্রশাসন নিয়মিত কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সীমিত জনবল দিয়ে সবকিছু সার্বক্ষণিকভাবে তদারকি করা কঠিন। তাই কোথাও সরকারি সম্পত্তি দখল বা নষ্ট হওয়ার ঘটনা ঘটলে স্থানীয় জনগণকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।’
পরে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের হলরুমে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের উৎসাহ দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ করা এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা শুধু নিজেদের বাবা-মাকে নয়, নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে সমগ্র হাটহাজারীকে গর্বিত করেছে। তবে এটার অর্জনই শেষ নয়, এটি তাদের দীর্ঘ পথচলার শুরুর ধাপ।’
মাদকের ভয়াবহতার বিষয়ে সতর্ক করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘হতাশা বা ব্যর্থতার অজুহাতে কোনোভাবেই মাদকের দিকে ঝুঁকে পড়া যাবে না। ব্যর্থতা জীবনের শেষ নয়, বরং ব্যর্থতার পর আবার চেষ্টা করে উঠে দাঁড়ানোই সফলতার অন্যতম চাবিকাঠি।’
শিক্ষার্থীদেরকে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অপরাধ ছাড়া কোনো পেশাকেই ছোটো করে দেখা উচিত নয়। দিনমজুর, শ্রমিক, রিকশাচালক থেকে শুরু করে চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী কিংবা শিক্ষক প্রত্যেক সৎ পেশার মানুষের শ্রম ও অবদানকে সম্মান করতে হবে।’
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরে হাটহাজারী উপজেলার সরকারহাটে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বিভিন্ন দফতরের দফতর প্রধান এবং স্থানীয় রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।