চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাসে করে এসে দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩০ জন আটক হয়েছে। এ ঘটনায় আনোয়ারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আটকৃতদের মধ্যে অধিকাংশ কিশোর। অভিযানকালে দু’টি মাইক্রোবাস ও ব্যানার জব্দ করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ী চট্টগ্রামের বাঁশখালী উপজেরার বাহারছড়া ইউনিয়নে।
পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টমেট্রো-চ ১১-৬৬৪৪ ও চট্টমেট্রো-চ ১১-৯৬০০ মাইক্রোবাসে করে বরুমচড়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে মিছিল করার চেষ্টা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থেকে ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান নেওয়া জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ৩০ জনকে আটক করে। আটককৃতদের আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে আটককৃতদের নিয়ে আসা দু’টি মাইক্রোবাস ও ব্যানার জব্দ করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ব্যানারে মিছিল করার চেষ্টাকালে ৩০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে।’
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘আটকদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে। তারা এর আগে চট্টগ্রামের পটিয়ায় মিছিল করেছে এবং আনোয়ারায়ও মিছিলের চেষ্টা করেছিল। এমন খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয়।’