Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে সন্ত্রাসী পিচ্চি জাহিদকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ১৭:৫১

নিহত জাহিদ।

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের মনোয়ারাবাদ এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় তার ওপর এই হামলার ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম পুরানগড় ইউনিয়নের বাসিন্দা। চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসীর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ অন্তত ১২টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাহেদ। তার সঙ্গে ওয়াহিদ নামের এক বন্ধু ছিল। পথিমধ্যে ফরিদ সওদাগরের দোকানের সামনে ছয় থেকে সাতজন দুর্বৃত্ত সড়কে গাছের গুঁড়ি ফেলে মোটরসাইকেলটির গতিরোধ করে। পরে জাহেদকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা গুরুতর আহত জাহেদকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় ওয়াহিদও আহত হন। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, জাহিদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ অন্তত ১২টি মামলা রয়েছে। নগরীর ফিরোজশাহ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্রবাজির সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। চলতি বছরের শুরুতে পুরানগড়ে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন তিনি, পরে জামিনে মুক্তি পান।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্বৃত্তরা জাহিদুলকে কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা আমরা খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে জেলার বিভিন্ন থানায় জাহিদুলের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে।’

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।