Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০২

মরদেহ। প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী মারুফ পারভেজসহ দু’জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের মা রুপা আকতার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর নিহতের স্বামী মারুফ পারভেজ পালিয়ে যান।

নিহত সামিহা হাকিম নেহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতান বাড়ির লোকমান হাকিমের মেয়ে।

নিহতের মায়ের অভিযোগ, তার মেয়েকে বিয়ের পর থেকেই বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। স্বামী মারুফ পারভেজ একাধিকবার মেয়েকে নির্যাতন করেছেন। পরিবারের পক্ষ থেকে তাকে বারবার সতর্ক করা হলেও নির্যাতন বন্ধ হয়নি।

বিজ্ঞাপন

রুপা আকতার আরও অভিযোগ করেন, তার মেয়েকে নির্যাতনের পর হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর