চট্টগ্রাম: সনাতনী সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৭ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর রহমতগঞ্জস্থ পরিষদের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু।
চট্টগ্রাম নগরীর জেএম সেন হলে ধর্মীয় মর্যাদায় এ উৎসব অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আগামী শুক্রবার বের করা হবে জাতীয় মহাশোভাযাত্রা।
তিনি জানান, আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় আন্দরকিল্লা চত্বর থেকে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি টেরিবাজার, লালদীঘি, কোতোয়ালি, নিউমার্কেট, তিনপোল, বোস ব্রাদার্স, ডিসি হিল ও চেরাগী পাহাড় হয়ে জেএম সেন হলে এসে শেষ হবে।
এতে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করবেন বাঁশখালী ঋষিধাম ও তুলসী ধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।
মহাশোভাযাত্রার উদ্বোধন করবেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এবং মহান অতিথি থাকবেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ও সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
৪ সেপ্টেম্বর মহাশোভাযাত্রা শেষে দুপুর ১টায় মাতৃসম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে উদ্বোধন করবেন শ্রীশ্রী বৈকুণ্ঠ ধামের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ শাস্ত্রী মহারাজ এবং প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. অদিতি দত্ত।
একই দিন বিকেল ৫টায় সনাতন ধর্মমহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ৫ থেকে ৭ সেপ্টেম্বর জেএম সেন হলে ষোড়শ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। চারদিনই দুপুর ও রাতে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু কমিশন গঠনসহ ১৫ দফা দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি লায়ন তপন কান্তি দাশ, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, পরিষদের যুগ্ম সম্পাদক প্রকৌশলী সুভাষ গুহ, অর্থ সম্পাদক রতন আচার্য্য, প্রচার সম্পাদক এস প্রকাশ পাল, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, উত্তর জেলর সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, মহিলা সম্পাদিকা দীপ্তি দাশ প্রমুখ।