Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সব ধর্মের মূল লক্ষ্য সমাজে শান্তি প্রতিষ্ঠা: সিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৮

জন্মাষ্টমীর শোভাযাত্রা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম: সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেছেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। পৃথিবীর সব ধর্মের মূল লক্ষ্য হচ্ছে সমাজে মানুষের অধিকার ও শান্তি প্রতিষ্ঠা করা। সকল ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে হবে।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটি আয়োজিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য মহাশোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্মের ভিত্তিতে নয়, জ্ঞান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশের নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিতে সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। কোনো বিভাজন কিংবা বৈষম্যের শিকার যাতে কেউ না হয় সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে।’

জন্মাষ্টমীর অনুষ্ঠান।  ছবি: সারাবাংলা

তিনি নির্ভয়ে সকল ধর্মের মানুষকে তাদের অনুষ্ঠান, উৎসব পালন এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ ছাড়া নগরীর আন্দরকিল্লা মোড়ে মহাশোভাযাত্রা উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। মহাশোভাযাত্রা উপ-কমিটির আহ্বায়ক বাবুল ঘোষ বাবুনের সভাপতিত্বে শুরুতে গীতাপাঠ করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চন্দন দাশ।

মহাশোভাযাত্রা উপ-কমিটির সদস্যসচিব শিমুল মুহুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন আর. কে দাশ রুপু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, প্রবর্তক ইসকন শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী।

অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন শংকর সেনগুপ্ত, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস।

ছবি: সারাবাংলা

বক্তব্য দেন জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় অর্থ সম্পাদক রতন আচার্য্য, উপ-অর্থ সম্পাদক সুমন ঘোষ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর দাশ সিধু, সাংগঠনিক সম্পাদক চন্দন মহাজন, প্রচার সম্পাদক এস. প্রকাশ পাল, সাংস্কৃতিক সম্পাদক কানুরাম দে, রানা মহাজন, বাবলু দেবনাথ, অরুপ দাশ রুবেল, সুকান্ত মজুমদার ও রাজু দাশসহ আরও অনেকেই।

শোভাযাত্রাটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে লালদীঘির পাড়, কোতোয়ালী মোড়, নিউমার্কেট, নন্দনকানন, ডিসি হিল, চেরাগী পাহাড় মোড় ঘুরে জেএম সেন হলে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠনের নেতারা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। শোভাযাত্রায় বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ পরিণত হয় মিলনমেলায়।

 

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর