Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৮

আটক করা ঘাতক বাস

চট্টগ্রাম: জেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের তোফায়েল মুরছালীন (২৩)। তিনি বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অপরজন চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালু মিয়ার ছেলে আব্দুল গফুর (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিশা প্লাটিনামা পরিবহনের চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি এসি বাসের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার (অনটেস্ট) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মুরছালীনকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুর মারা যান।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. এটিএম মনিরুল কবির বলেন, ‘দুর্ঘটনায় একজন মারা যান। গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার বলেন, ‘বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। বাসচালক সোলাইমান বাদশাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এজিএম নিয়োগে দিচ্ছে রূপায়ন গ্রুপ
৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪০

আরো

সম্পর্কিত খবর