Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১২:৩০

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী সিয়াম সরকার (২২) গ্রেফতার।

ঢাকা: রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টাকালে হাতেনাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সিয়াম সরকার (২২) নামের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) ভোররাত ৪টার দিকে শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ভোর রাতে জানা যায় শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস্ ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুইজন কর্মী দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে শ্যামপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় সিয়াম সরকারকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়। এ সময় রাফসান নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সিয়াম সরকার স্বীকার করেছে যে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মী। সে ও পলাকত রাফসান শ্যামপুর এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগ করার চেষ্টার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমপি