Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিপুল বিস্ফোরক দ্রব্য ও মাদক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৬:১৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৯:০১

-ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়েছে।

সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্প বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান চালায়।

এ বিষয়ে সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ও ওয়ারেন্টভুক্ত আসামি বুনিয়া সোহেল তার ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে চারটি অপারেশনাল পেট্রল দল অভিযান চালায়। এ সময় একটি বিল্ডিংয়ের পঞ্চম তলায় অবস্থানরত বুনিয়া সোহেল সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাশের ভবনের তৃতীয় তলার ছাদে লাফিয়ে পালিয়ে যায়। এ সময় সে তার কাছে থাকা সব অবৈধ দ্রব্য ফেলে রেখে যায়। তার ফেলে যাওয়া ৭৭টি প্রক্রিয়াধীন ককটেল বোমা, সামুরাই ধরনের ৪টি ধারালো তলোয়ার, মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৩ হাজার ৫০০ টাকা, ৪৯০ পিস ইয়াবা, ২,০৮০ প্যাকেট হেরোইন, ককটেল তৈরির জন্য ব্যবহৃত ৪ ধরনের স্প্লিন্টার ও ৪০০ গ্রাম গানপাউডার পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, জেনেভা ক্যাম্পের বিল্ডিং গুলো একটি আরেকটির সাথে লেগে থাকায় এবং এলাকাটি খুব সংকীর্ণ হাওয়ায় মূল আসামিরা কয়েকটি বিল্ডিং টপকিয়ে পালিয়ে যায়। তবে আমরা যে বিপুল পরিমাণের বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করতে পেরেছি, সেগুলো দ্বারা হয়তো ঢাকা শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা ছিল। এসব আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রাখব।

তিনি জানান, উদ্ধারকৃত মাদক, নগদ অর্থ ও বিস্ফোরকসমূহ মোহাম্মদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পলাতক বুনিয়া সোহেল-কে গ্রেফতারের জন্য যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসআর