Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা / কুড়িগ্রামে ডিভাইসসহ ১১ জনকে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ০০:২৩

১১ জনকে আটক করেছে পুলিশ।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলা পরীক্ষা কেন্দ্রের পাশের বাসায় অভিযান চালিয়ে প্রশ্নপত্রের ফটোকপি ও ডিভাইসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

আটকদের মধ্যে দুইজনের বাড়ি মাদারীপুর জেলায়, একজনের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ও বাকি ৯ জনের বাড়ি নাগেশ্বরী উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

আটকদের মধ্যে মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানায়, পরীক্ষা শুরুর আগে গোপন সংবাদের ভিত্তিত্তে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের প্রস্তুতির সময় ১১ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছে প্রশ্নপত্রের ফটোকপি ও ডিভাইস পাওয়া গেছে। তবে পরীক্ষার কেন্দ্রে দেওয়া প্রশ্নপত্রের সঙ্গে আটকদের কাছে পাওয়া প্রশ্নপত্রের মিল আছে কি না তা এখনো মিলিয়ে দেখা হয়নি।

এ ছাড়াও কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ডিগ্রি কলেজ ডিভাইসসহ ১ জন গ্রেফতার করা হয়।

এদিন বিকেল ৩টায় কুড়িগ্রামের নাগেশ্বরী, সদর ও উলিপুর উপজেলার ৩৮টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় অংশ নিয়েছেন ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার ৩৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এইচআই