Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে শাড়ির ব্যবসার আড়ালে আতশবাজির কারবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫

যশোর জেলা শহরের একটি দোকান থেকে উদ্ধারকৃত আতশবাজি ও চকোলেট বোমা।

যশোর: জেলা শহরের বড় বাজারের হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে অবৈধ আতশবাজির ব্যবসা চালানোর অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ‘সিহাব বস্ত্রালয়’-এ এ অভিযান চালানো হয়।

যশোর ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, ব্যবসায়ী সিহাব মোল্লা বড়বাজারের হাটচান্নী মার্কেটের নিচতলায় ‘সিহাব বস্ত্রালয়’ নামে শাড়ি-কাপড়ের দোকান চালান। এ মার্কেটের দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া দু্ইটি কক্ষে গোপনে আতশবাজি মজুদ করে রাখতেন তিনি। যশোর ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালায়। গুদামের মালিককে ফোন করে ঘটনাস্থলে আসতে বলা হলে তিনি ফোন বন্ধ করে দেন। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গুদাম থেকে পাঁচ বস্তা ও পাঁচ কার্টন চকোলেট বোমা, তারাবাজি, পটকাসহ বিভিন্ন ধরনের আতশবাজি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, উদ্ধারকৃত আতশবাজি জব্দ করা হয়েছে এবং পলাতক সিহাব মোল্লাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, সিহাব মোল্লা আগে চা ও তেলেভাজার ব্যবসা করতেন। পরে শাড়ির ব্যবসা শুরু করলেও আড়ালে অবৈধ আতশবাজির কারবার চালিয়ে আসছিলেন।

 

সারাবাংলা/এআর