Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেরাণীগঞ্জে র‌্যাবের বাজার মনিটরিং

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৬

ঢাকা: ঢাকার কেরাণীগঞ্জে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় ও অসাধু ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কেরাণীগঞ্জ এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও মজুতদারী প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে র‌্যাব।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানের সময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব-১০ এর আভিযানিক দল এবং বাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অভিযানকালে কেরাণীগঞ্জের বিভিন্ন কাঁচাবাজার, মুদি দোকান ও পাইকারি আড়তে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভেজাল খাদ্যদ্রব্য মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এসময় র‌্যাব জানায়, আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো অনিয়ম পরিলক্ষিত হলে নিকটস্থ র‌্যাব ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানায় র‌্যাব।