Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে টিসিবির পণ্য কালোবাজারে মজুত, ডিলার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৬

অবৈধ মজুত থেকে উদ্ধার হওয়া টিসিবি পণ্য।

রংপুর: রংপুর নগরীর স্টেশন বাবুপাড়া এলাকার একটি পরিত্যক্ত গোডাউন থেকে টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসব পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় টিসিবির ডিলার রুবেল হোসেনকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমরা এমন খবর পাচ্ছিলাম। গোয়েন্দা সদস্যরা কাজ করছিল। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে পণ্য উদ্ধার করা হয়েছে। আটক ডিলারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গোডাউনটি থেকে ৬১৩ কেজি মসুর ডাল, ১৬২ লিটার সয়াবিন তেল, ১৫০ কেজি ছোলাবুট, ১৫০ কেজি চিনি ও ৭০ কেজি খেজুর জব্দ করা হয়। আটক ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, টিসিবির পণ্য সরকার নির্ধারিত কেন্দ্রে ন্যায্যমূল্যে বিক্রির জন্য প্রতিটি পয়েন্টে ট্যাগ অফিসার নিয়োগ থাকে। পণ্য বিক্রি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি তদারকি করেন এবং অনাপত্তিপত্র দেন। তবে সম্প্রতি কিছু ট্যাগ অফিসার দায়িত্ব পালনে অবহেলা করায় ডিলাররা পণ্য বিক্রি না করে অবৈধভাবে মজুত করার সুযোগ পাচ্ছে। উদ্ধার করা পণ্যগুলো কালোবাজারে বেশি দামে বিক্রির পরিকল্পনা করা হচ্ছিল বলেও জানায় পুলিশ।

টিসিবি, রংপুর অফিসের উপপরিচালক হাবীবুর রহমান বলেন, ‘আটক ডিলারকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।’

এদিকে, রংপুরে টিসিবির পণ্য কালোবাজারি ও মজুতদারি ঠেকাতে অভিযান জোরদার ও নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছে স্থানীয়রা।

সারাবাংলা/এআর