Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৈয়দপুরে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংক জালিয়াতির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৫:৩৩ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৫:৫৬

অগ্রণী ব্যাংকের এই শাখাতেই ঘটেছে ব্যাংক জালিয়াতির ঘটনা।

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের এক শাখা থেকে কম্পিউটারের মাধ্যমে কয়েক কোটি টাকা উধাও হওয়ার ঘটনা ধরা পড়েছে। ঘটনায় মূল অভিযুক্ত ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আলিমুল আল রাজি তমাল। বর্তমানে তিনি স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে দুবাইয়ে অবস্থান করছেন।

নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তমাল সহকর্মীদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজের এবং কয়েকটি ভুঁয়া অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছেন। সহকর্মীদের মধ্যে কিছু কর্মকর্তা এই প্রক্রিয়ায় তাকে সহায়তা করেছেন। বিশেষ করে সাবেক শাখা ম্যানেজার আব্দুল লতিফের নাম উল্লেখযোগ্য, যিনি সুবিধার বিনিময়ে এই সহায়তা করেছিলেন।

বিজ্ঞাপন

প্রতিবেদন সূত্রে জানা যায়, তদারকি ব্যর্থ হওয়ায় শাখা ও জোনাল অফিস বিষয়টি দ্রুত শনাক্ত করতে পারেনি। তমাল নীলুফার আক্তার ও রোদেল আক্তার নামে ভুঁয়া ‘সুপার সেভিংস অ্যাকাউন্ট’ ব্যবহার করেছেন, যেখানে কোনো সঠিক পরিচয়পত্র বা ছবি নেই। এছাড়া নিজের এবং ছেলের খামারের অ্যাকাউন্টেও কোটি কোটি টাকা স্থানান্তর করেছেন।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রংপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

সারাবাংলা/এআর