Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে বিরোধের জেরে কৃষক লীগ নেতাকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ২০:৩৬ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২৩:২৩

নিহত কৃষক লীগ নেতা কামরুল হাসান মিঠু।

রাজশাহী: ফসলি জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে কৃষক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মোহনপুর উপজেলার করিসা দুর্গাপুরে ওই নেতাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। এতে পরদিন শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নেতার নাম কামরুল হাসান মিঠু (৪০)। তিনি মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার করিসা দুর্গাপুর গ্রামের বাসিন্দা। অপরদিকে অভিযুক্ত ব্যক্তির নাম মো. সাদ্দাম (২৮)। তিনি একই এলাকার বাসিন্দা এবং সম্পর্কে নিহতের ভাতিজা হন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে এলাকার মাঠে নিজের জমিতে সেচ দিচ্ছিলেন কামরুল হাসান। তখন প্লাস্টিকের পাইপ ফেটে কিছু পানি সাদ্দামের পেঁয়াজের খেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি কামরুলকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।

আরও জানা যায়, কোপানোর পর সাদ্দাম নিজেই পুলিশের কাছে গিয়ে ওই নেতার নামে অভিযোগ করেন। পরে নেতার নিহত হওয়ার সংবাদ শুনে তিনি পালিয়ে যান।

এ বিষয়ে মোহনপুর থানার উপপরিদর্শক মোদাচ্ছেদ বলেন, ‘জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে মিঠুকে কোপানো হয়। এতে সে গুরুতর আহত হয়। পরদিন রামেক হাসপাতালে মারা যায়। এ ঘটনায় থানায় মামলা করেছে নিহতের পরিবার। আসামিকে ধরতে চেষ্টা চালানো হচ্ছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো