Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কলাবাগান থানার এসআই নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ২০:০০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২৩:২৯

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার

ঢাকা: রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) নিখোঁজ হয়েছেন। ২৮ এপ্রিল বিকেল থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক বলেন, ‘এসআই রাকিবুল হাসান সরকার মঙ্গলবার বিকেলে রাত্রিকালীন ডিউটির কথা বলে সিভিল পোশাকে বেরিয়ে যান। বিকেল সাড়ে ৫টার দিকে একবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হয়। চা খেয়ে আবার ব্যারাকে ঢোকে। নাইট ডিউটি আছে বলে রাত পৌনে ৮টার দিকে আবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হয়। এর পর থেকে তার খোঁজ নেই। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় জিডি করা হয়েছে এবং সারা দেশের সব থানায় আমাদের বার্তা দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পরিবারের লোকজন বলছে, স্বাভাবিক ছেলে। কোথায় গেল তারাও বুঝতে পারছে না। কারও সঙ্গে কোনো পারিবারিক বিরোধের তথ্যও পাওয়া যায়নি। এসআই রাকিব আগে কাস্টমসে চাকরি করতেন। ওই চাকরি ছেড়ে তিনি সম্প্রতি পুলিশে যোগ দেন। কলাবাগান থানায় মাসখানেক আগে যোগ দিয়েছেন।’

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রহমান বলেন, ‘এসআই নিখোঁজের ঘটনায় আমরা কাজ করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। তার স্ত্রীর ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। স্বামী-স্ত্রীর সম্পর্কও ভালো ছিল।’

এসআই রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর