চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীকে পরিকল্পিত রূপ দিতে অবৈধ ও নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযানে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সংস্থাটি ১৫টি ভবনে অভিযান চালিয়ে সাতটি ভবন মালিককে সর্বমোট ৪০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে সিলগালা করে দেওয়া হয়েছে চারটি ভবন। এ ছাড়া আরও তিনটি ভবনের মালিককে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) নগরীর বিভিন্ন এলাকায় সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দিনব্যাপী মোট ১৫টি ভবনে অভিযান পরিচালনা করা হয়।
সিডিএ সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান শুরু হয়। অভিযানের শুরুতেই ভ্রাম্যমাণ আদালত নগরীর কল্পলোক আবাসিক এলাকায় কয়েকটি ভবনে বাধ্যতামূলক ‘সেটব্যাক’ (প্লটের সীমানা থেকে নির্ধারিত খালি জায়গা) না রাখা এবং অনুমোদিত নকশা চরমভাবে লঙ্ঘনের প্রমাণ পায়। এ সময় ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করায় সেখানকার চারটি নির্মাণাধীন ভবনকে সর্বমোট ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একটি ত্রুটিপূর্ণ ভবন তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।
একই দিনে নগরীর কে. বি. আমান আলী রোড এলাকায় সড়কের জায়গা দখল ও সেটব্যাক না রেখেই বহুতল ভবন নির্মাণ করার অপরাধে এক ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তী সময়ে মোহরা এলাকায় অভিযান চালিয়ে কোনো ধরনের অনুমোদিত নকশা ছাড়াই ভবন নির্মাণ করায় একটি ভবন সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে নকশাবহির্ভূত ইমারত নির্মাণের দায়ে ওই এলাকার আরও দুই ভবন মালিককে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
সর্বশেষ কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ‘ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ ভবনটি কোনো প্রকার অনুমোদিত নকশা ছাড়াই গড়ে তোলায় সেটি সিলগালা করা হয়। একই অভিযানে নকশাজনিত বড় ধরনের অনিয়ম থাকায় ১৪ তলা বিশিষ্ট বহুতল ভবন ‘কাজী টুইন টাওয়ার’ কর্তৃপক্ষকে নকশা জালিয়াতি ও তা প্রদর্শনে ব্যর্থতার দায়ে বহুতল এই টাওয়ারটিও সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘চট্টগ্রাম নগরীর ধারণক্ষমতা রক্ষা ও জানমালের ঝুঁকি এড়াতে এই ধরনের অবৈধ ও নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। যে যেভাবে পারছে সেভাবেই ভবন নির্মাণ করে যাচ্ছে। এসব আর চলতে দেওয়া হবে না।’
নগরীকে পরিকল্পিত ও নিরাপদ করতে সিডিএর এই উচ্ছেদ ও জরিমানা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।