Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১৯:৪৬

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেফতার ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ ও সাইদুল ইসলাম ওরফে আরিফ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা চট্টগ্রামের ‘আলোচিত সন্ত্রাসী’ ডেভিড ইমনের সহযোগী বলে দাবি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতার দুজন হলেন- মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)।

সংবাদ সম্মেলনে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, গ্রেফতার দু’জনের মোবাইল ফোন পর্যালোচনা করে ডেভিড ইমনের সঙ্গে চাঁদাবাজি সম্পর্কিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। বিস্তারিত তথ্যের জন্য তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, গত রোববার রাতে বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে অক্সিজেন-কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠসংলগ্ন এলাকা থেকে ধাওয়া করে তাদের আটক করা হয়।

তল্লাশিকালে আসিফের কাছ থেকে একটি লোডেড বিদেশি পিস্তল এবং সাইদুল ইসলামের পকেটে আরও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধার করা অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডেভিড ইমনের সহযোগী হিসেবে নগরী ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি এবং সাইদুল ইসলাম ওরফে আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর