ঢাকা: রাজধানীর মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেফতার চারজন হলেন— সরকারী বাংলা কলেজের বিবিএ (হিসাব বিজ্ঞান) ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী আসলাম মিয়া (২৫), বিবিএ (ইসলামী ইতিহাস) ৪র্থ বর্ষের শাখা ছাত্রলীগ কর্মী মো. আশিকুল ইসলাম (২৪), মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মো. মনির হোসেন (৪৮)।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ‘আজ দুপুর ১টা ২৫ মিনিটের দিকে বনানী থানাধীন মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ৩০ থেকে ৪০ জন নাশকতাকারী মিছিলের প্রস্তুতিকালে বনানী থানা পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় ৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে একজনকে উপস্থিত জনতা গণপিটুনি দিয়ে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। নাশকতাকারীরা এসময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, ১৫ আগস্টকে ঘিরে তারা সরব হওয়ার চেষ্টা করছিল। গ্রেফতারের সময় নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামতও জব্দ করা হয়েছে।’