Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেজর-কর্নেল ও এসপি পরিচয়ে চাকরির প্রলোভন, প্রতারক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ২১:৪৪

গ্রেফতার প্রতারক মো. নুরুল চৌধুরী

ঢাকা: সেনাবাহিনী মেজর, পুলিশের এসপি ও র‍্যাবের কর্নেল ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মো. নুরুল চৌধুরী (৪০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘মঙ্গলবার (১১ আগস্ট) ভোর রাত ৩টা ৪০ মিনিটের দিকে ডিএমপির উত্তরা বিভাগের ভূইয়াবাড়ি বাঁশতলা সড়কের সানডে-সোসাইটি আবাসিক এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে নুরুল চৌধুরীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ২টি ওয়াকিটকি, ২ সেট ওয়াকিটকির চার্জার, ১টি ভুয়া পাসপোর্ট, সেনাবাহিনীর মেজর পরিচয়যুক্ত ১টি ভুয়া আইডি কার্ড, র‍্যাবের কর্নেল পদমর্যাদার ডেপুটি ডিরেক্টর পরিচয়যুক্ত ১টি ভুয়া আইডি কার্ড, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সেনাবাহিনীর বিভিন্ন ধরনের ১০টি পোশাক, সেনাবাহিনীর চিকিৎসা বইসহ বিভিন্ন ফর্ম ও প্যাড, সেনাবাহিনীর মেজর ও পুলিশ সুপার পরিচয়যুক্ত পোশাক পরিহিত পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির আবেদন ফরম উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার নুরুল চৌধুরী তার সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি বিভিন্ন সময়ে নিজেকে ‘মেজর আল মামুন’, ‘কর্নেল নাজিম’ ও ‘মেজর তানভীর’ পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক, রাঁধুনি, পিয়ন ও বাবুর্চি পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন।”

তিনি বলেন, “চাকরি প্রত্যাশী বেকার যুবক, রিকশাচালক, শ্রমিক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ ছিল এই প্রতারক চক্রের অন্যতম লক্ষ্য। প্রতারণার মাধ্যমে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তারা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম, পরিচয়পত্র, সেনাবাহিনীর পোশাক ও বিভিন্ন বাহিনীর পোশাক পরিহিত ছবি ব্যবহার করত। এছাড়া কখনো এসবি-ডিবির সদস্য এবং কখনো ‘পুলিশ সুপার তারিকুর রহমান’ পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করার তথ্যও পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে ব্ল্যাকমেইল, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।”

তিনি আরও বলেন, ‘গ্রেফতার নুরুল চৌধুরীর বিরুদ্ধে ইতোমধ্যে প্রতারণা সংক্রান্ত শাহআলী থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন, উদ্ধারকৃত ভুয়া পরিচয়পত্র, নিয়োগসংক্রান্ত কাগজপত্র, পোশাক ও অন্যান্য আলামত পরীক্ষা করে প্রতারণার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি প্রতারণার শিকার ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর