ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় শাড়ির আড়ালে অভিনব কায়দায় বিপুল পরিমাণ উচ্চমাত্রার মাদক ‘কুশ’ ও বিদেশি মদ পাচার করা হচ্ছিল। এ সময় চোরাচালানের অভিযোগে থাইল্যান্ড থেকে আসা দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
সোমবার (২৪ আগস্ট) বিমানবন্দরের গ্রীন চ্যানেল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার বাসিন্দা সানোয়ার আলী (৩৬) এবং ইমতিয়াজ আহমেদ (৩৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর)-এর বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম সোমবার দুপুর ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়।
এ সময় ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- TG321)-এ আগমনকারী দুই ভারতীয় নাগরিক সানোয়ার আলী ও ইমতিয়াজ আহমেদকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত অন্যান্য সংস্থার উপস্থিতিতে তাদের সাথে থাকা ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগে ২৪ পিস ভারতীয় শাড়ির নিচে অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় ৫ কেজি ৪০ গ্রাম মাদক ‘কুশ’ এবং ৩ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া, ২টি ভারতীয় পাসপোর্ট, ২টি বোর্ডিং কার্ড ও ৪টি স্মার্টফোন, ৪০০ ইউএস ডলার, থাইল্যান্ডের ১১৭০ বাথ এবং ভারতীয় ১১৭০ রুপি জব্দ করা হয়েছে
ডিএনসি জানায়, গ্রেফতারকৃত দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের সাথে জড়িত কয়েকজন দেশীয় সহযোগীকে ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকার ও ডিএনসি-র ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান জোরদার রাখা হয়েছে।